ঈদুল আজহায় শিল্পাঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিতের নির্দেশ শ্রমমন্ত্রীর

ঈদুল আজহায় শিল্পাঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিতের নির্দেশ শ্রমমন্ত্রীর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের কঠোরভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মো. মজিবুর রহমান, এস এম রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ। সভায় ঢাকা ও গাজীপুরের শ্রমঘন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান (বাবু) কারখানার জেনারেটরের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করলে মন্ত্রী পেট্রোল পাম্পগুলোতে কারখানার নাম ও প্রাপ্য ডিজেলের পরিমাণ উল্লেখ করে প্রকাশ্যে নোটিশ ঝোলানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

একই সঙ্গে শিল্পাঞ্চলে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। এছাড়া ঝঁকিপূর্ণ ও দুর্বল কারখানাগুলো চিহ্নিত করে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিহ্নিত ও ভাসমান সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া শ্রমিকদের উৎসবের আনন্দ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে বেতন ও বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

উক্ত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজিএমইএ, বিকেএমইএ, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad