ঈদগাহ সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সার্ভেয়ার আবু হানিফ চাকরি থেকে বরখাস্ত হতে হচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বিভাগীয় মামলার মুখোমুখি হচ্ছেন। নড়াইল জেলা পরিষদের এই কর্মচারী বদলি হয়ে খুলনা জেলা পরিষদে গিয়েও শেষ রক্ষা পেলেন না।
নড়াইল জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, জেলার সুলটিয়া ঈদগাহ জামে মসজিদ সংস্কারের জন্য জেলা পরিষদ তিন লাখ টাকা বরাদ্দ দেয়। কাজ না করে প্রকল্প কমিটির সভাপতি পুরো টাকা তুলে আত্মসাৎ করেন।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিযোগটি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে। এর পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা পরিষদ পিআইসি আহাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করে।
নড়াইল জেলা পরিষদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তৎকালীন সার্ভেয়ার আবু হানিফ কাজ সম্পন্ন হওয়ার ভুয়া প্রত্যয়ন ও বিল ভাউচারে স্বাক্ষর করেছিলেন। এই কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। আবু হানিফ বর্তমানে খুলনা জেলা পরিষদে কর্মরত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনার চিঠি নড়াইল থেকে পাঠানো হয়েছে।
খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রহমান জানান, এ-সংক্রান্ত কোনো চিঠি তিনি এখনো পাননি। চিঠি পেলে ব্যবস্থা নেবেন।


