নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো দুই নম্বরি কাজের নির্দেশনা দেওয়া হয়নি এবং হবেও না। যদি কেউ দুই নম্বরি কাজ করে তবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার।’ তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসির) মূল নির্দেশনা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার দুপুরে উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো দিকে ঝুঁকবেন না, হেলে যাবেন না এবং কারও কথায় ভয় পাবেন না। কেউ ধমক দিলে ভড়কে যাওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী যেভাবে কাজ করতে হয়, সেভাবেই কাজ করবেন।’
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন রাজনৈতিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ-সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট সরকারের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়তে পারে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ওসমান হাদির হত্যাকাণ্ডে দেখা গেছে বন্ধু সেজেই তাকে হত্যা করা হয়েছে।
ভোটের দিন যেন কোনোভাবেই রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ দেন তিনি।


