ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিন সপ্তাহব্যাপী আন্দোলনের সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল।
এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো ১৩ দিন বন্ধ থাকে, যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুরে। প্রসিকিউশনের দাবি, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে তিনি সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করেন।


