দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছিল ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে বিটিভিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাত আটটার বাংলা সংবাদের পর। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত ঐতিহ্যবাহী স্কুল ‘নাটুদা মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে।
এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। একটি গান গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীত শিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীত শিল্পী পান্থ কানাই। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান আর সংগৃহীত সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।
অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে শাহ আলম সনির কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।
দর্শকপর্বে চুয়াডাঙ্গাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হয় চারজন দর্শক। নির্বাচিত দর্শকরা চিঠি ও রেললাইন নিয়ে বহুশ্রুত হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।
প্রতিবেদন অংশে রয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ‘বন্য প্রাণী ও পাখির গ্রাম’ হিসেবে পরিচিত চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের পাখি প্রেমিক তরুণ বখতিয়ার হামিদ ও তার কাজ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়েছে ব্ল্যাক বেঙ্গল গোট বা ছাগল। যা বিশ্বের অন্যতম সেরা জাত। এর উপরে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
জেলার চারটি উপজেলায় অনেক তরুণের হাত দিয়ে নতুন দিনের কৃষির সূচনা ঘটছে। এখানকার ফল-ফসলের আদ্যোপান্ত নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে জনপ্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কাশিপুর জমিদার বাড়ি ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ঘেরা আটচালা ঘরের উপর একটি ব্যতিক্রমী প্রতিবেদন।
চুয়াডাঙ্গা জেলায় রয়েছে হাজার হাজার খেজুর গাছ ও খেজুর বাগান। এই গেজুর গাছের গাছিদের উপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। এবারে বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড সড়কে অবস্থিত ডলবি থিয়েটারের সামনের ওয়াক অফ ফেম। ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বে উঠে এসেছে চুয়াডাঙ্গার একজন ব্যতিক্রমী ছড়াকারের গল্প।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


