ডিসেম্বর ঢাকায় গান গাইতে আসবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ নামের চ্যারিটি কনসার্টটি আয়োজন করছে অলাভজনক সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’।
গেল বছরের ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম ‘ইকোজ অব রেভ্যুলেশন’ কনসার্ট। যেখানে পারফর্ম করেছিলেন রাহাত ফাতেহ আলী খানসহ দেশীয় জনপ্রিয় শিল্পীরা। আয়োজকরা জানান, ওই আয়োজনে সংগৃহীত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে (জেএসএসএফ) হস্তান্তর করা হয়েছিল শহীদ–আহত পরিবারের সহায়তায়। এবারও তা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। গেল ২ নভেম্বর জেএসএসএফের সঙ্গে আয়োজকদের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
কেবল সংগীত নয়, জুলাই বিপ্লব–সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ নানা প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে। ভেন্যু নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে।
আয়োজকরা জানিয়েছেন, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কনসার্ট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ সংবাদ সম্মেলন বা বিবৃতির মাধ্যমে জানানো হবে।


