সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করা সার্বিক কর্মকান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি-বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
রিটে এসব বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধান করার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসাথে, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জানান, জনস্বার্থে রোববার তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে কেবিনেট সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে, অন্তবর্তীকালীন সরকারের শপথ ও এই সরকারের গঠন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিল। এর পর, তিনি এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আপিল বিভাগও তার আবেদন নাকচ করে।


