রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।এক বছরের মধ্যে এটিই ছিল রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা।
স্থানীয় সময় রোববার রুশ কর্তৃপক্ষ জানায়, হামলার অন্যতম লক্ষ্যবস্তু করা হয়েছে রাজধানী মস্কোকে। এ অঞ্চলে তিনজন এবং সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন।
মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাজধানীর উত্তরে খিমকিতে একটি বাড়িতে ড্রোন হামলায় এক নারী নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধারকারীরা সেখানে অভিযান চালাচ্ছেন।
তিনি আরও জানান, মিতিশ্চি জেলার পোগোরেলকি গ্রামে হামলায় দুই পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ সংবাদ সংস্থা আরটির খবরে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাতের পর থেকে মস্কোর দিকে ছোড়া ৮১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত এক বছরের বেশি সময়ের মধ্যে রাজধানীর ওপর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।
সোবিয়ানিন বলেন, আহতদের বেশিরভাগই মস্কোর তেল শোধনাগারের প্রবেশপথের কাছে হামলার শিকার হন। কাছাকাছি থাকা তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তেল শোধনাগারের প্রযুক্তিগত স্থাপনায় কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশটিতে মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের কাছেও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও এতে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: রয়টার্স


