ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেন, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরী আবেদন করেন।
জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, ‘আজ আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। আবেদনে আসলাম চৌধুরী ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছে। আমরা শুনানিতে বলেছি, মূল আপিলের শুনানি না হয়ে এ ধরনের আবেদন গ্রহণ করা হলে মূল আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।’


