সাভারের আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীসহ বসবাস করতেন।
অভিযুক্ত শাহাদাৎ হোসেনের বাড়ি (২৫) গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে শাহাদাৎ ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মূল অভিযুক্ত শাহাদাৎকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


