জনস্বার্থ বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আবার বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।
বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে মেট্রোরেল সেবায় কর অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি কার্যকর থাকবে।
গত ১১ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে মেট্রোরেল সেবার ওপর কর অব্যাহতির সুবিধা অব্যাহত রাখার বিষয়ে এ সিদ্ধান্ত হয়।
মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত একটি গণপরিবহন। সে হিসেবে, বর্তমান কর আইন অনুযায়ী যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ কর আরোপের বিধান আছে। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই মালিক কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এই সেবার ওপর কর আরোপ করা হয়নি।
এর আগে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের টিকিটে কর অব্যাহতি ছিল।


