২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
বুধবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সোনার এ নতুন দামের কথা জানানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার সোনার দাম বাড়ানো হলো।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৮০৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
সোনার দাম বাড়ার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয়।
এ বছর ২৯ জানুয়ারি সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২২৩ টাকা বেড়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।


