টানা তিন দফা মূল্য কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দরে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ২০ মে সকালে বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম একই পরিমাণ— ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ৩১ বার কমেছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পায়।
অন্যদিকে সর্বশেষ ঘোষণার পরও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়।
সনাতন পদ্ধতির রুপার দাম অপরিবর্তিত রয়েছে ৩ হাজার ৪৪১ টাকা প্রতি ভরি। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। ২০২৫ সালে রুপার দামে মোট পরিবর্তন হয়েছিল ১৩ বার।


