যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিম উপজেলার কীর্তিপুর এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাতভর নিখোঁজ ছিলেন মিম। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের চিহ্ন রয়েছে। আঘাতের তীব্রতায় মাথার মগজ বেরিয়ে গেছে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও বা এখানেই হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সাথে তার মুঠোফোনে শেষ কথা হয়। রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও মিম আর সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও মিম আর কল রিসিভ করেননি।
নিলা খাতুনের দাবি, মিমের সাথে তার বেশ কয়েকজন বন্ধুর কিছুদিন ধরে বিরোধ চলছিল। আর এই পূর্ব বিরোধের জের ধরেই মিমকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে।


