নিরাপত্তা শংকায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার জরুরি এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠিও দিয়েছে বিসিবি। দাবি জানিয়েছে ভারতের বাইরে বাংলাদেশের সবগুলো ম্যাচ সরিয়ে নিতে। এখন আইসিসির জবাবের অপেক্ষায় আছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে শোকবইতে সই করতে যান বিসিবি সভাপতি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিবির দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, সেখানেই সংবাদ মাধ্যমে বুলবুল জানান, আইসিসি থেকে শীঘ্রই বৈঠকের জন্য ডাক পাবে বিসিবি।
বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বুলবুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে আমরা দুটি সভা করেছি সিদ্ধান্ত নেওয়ার আগে। সিদ্ধান্তগুলি আপনারা এর মধ্যেই জানেন যে, আমরা নিরাপদ অনুভব করছি না, আমাদের দল এই মুহূর্তে ভারতে গিয়ে খেলুক। এজন্য আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং সেটায় উল্লেখ করেছি, আমরা কী করতে চাচ্ছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে, নিরাপত্তা একটা বড় কনসার্ন।”
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, বিসিবির করা আবেদন আমলে নিয়ে আইসিসি বাংলাদেশের গ্রুপ রাউন্ডের সকল ম্যাচ ভারতের বাইরে নেয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। যদিও এখনো আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণার বাকি। যদিও সভাপতি বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে বৈঠকের জন্য খুব দ্রুতই ডাক পাবে বিসিবি।
বুলবুল বলেন, ‘তারা আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ই-মেইলটা আমরা পাঠিয়েছি, এটির জবাবের ওপর নির্ভর করবে, আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব।’


