মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এদিন বিকালে তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ থেকে করে গুলশানের বাড়িতে ফেরেন।
সকালে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তিনি।
সেখান থেকে আগারগাঁও নির্বাচন অফিসে যান তারেক রহমান। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ শেষ করেন।
সেখান থেকে বনানী কবরস্থানে নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানা ট্রাজেডিতে শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।
১৭ বছর পর বৃহস্পতিবার সকাল ১১টা ৩৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান।
তিনি লন্ডন থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
পরবর্তীতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।


