অবশেষে খাদ্যসামগ্রী নিয়ে সেন্টমার্টিনে দুই ট্রলার

অবশেষে খাদ্যসামগ্রী নিয়ে সেন্টমার্টিনে দুই ট্রলার
খাদ্যসামগ্রী ও যাত্রী নিয়ে সোমবার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় ট্রলার । ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌযান (সার্ভিস ট্রলার) নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ৭৭ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে এই রুটে নৌযান চলাচল বন্ধ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন নৌ চলাচল শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন।

টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ জানান, নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল ছিল। তাই বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত কোনো নৌযান টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করেনি। সোমবার দুটি নৌযান টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে।

আরও পড়ুন

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট সার্ভিস ট্রলারের টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এসবি রাফিয়া ও এসবি আশিক নামে দুটি নৌযান সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। দুটি নৌযানে আটকে পড়া ৭৭ জন যাত্রী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

তিনি আরও জানান, দুই ট্রলারের যাত্রীরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে যেতে না পেরে তারা টেকনাফে আটকা পড়েছিলেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম সাংবাদিকদের বলেন, চার দিন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছিল। নৌযান চলাচল শুরু হওয়ায় সেই সংকট কেটে যাবে বলেই আশা তার।

বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই সেন্টমার্টিনের বাসিন্দাদের বিপাকে পড়তে হয়। জরুরি ভিত্তিতে এই নৌপথে সি-ট্রাক ও সি-অ্যাম্বুলেন্স দেয়া দাবিও তুলেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad