অনুমতিবিহীন ব্যানার-পোস্টার নিজেই সরালেন চসিক মেয়র

অনুমতিবিহীন ব্যানার-পোস্টার নিজেই সরালেন চসিক মেয়র
অনুমোদন না থাকায় নিজের নাম ও ছবি সম্বলিত ব্যানার নিজেই টেনে খুলে ফেলছেন চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষায় অনুমতিবিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার দুপুরে কাজীর দেউরি মোড়, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালান তিনি। এসময় অন্যান্য ব্যানার-ফেস্টুনের পাশাপাশি তার নিজের নিজের নাম ও ছবি সম্বলিত ব্যানারও নিজের হাতেই সরান মেয়র।

শাহাদাত হোসেন বলেন, ‘ক্লিন সিটি গড়তে আমরা বদ্ধপরিকর। নগরকে সুন্দর রাখতে সবার সহযোগিতা দরকার। যারা অনুমতি ছাড়া ব্যানার বা পোস্টার টানাচ্ছেন, তারা দ্রুত তা সরিয়ে ফেলুন। ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো পোস্টার, ব্যানার বা সাইনবোর্ড টানানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শহরের সৌন্দর্য রক্ষা করতে হলে নিয়ম মেনে চলতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘বিজ্ঞাপন দিতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ব্যবসা প্রতিষ্ঠান যেন আইনের আওতায় আসে, আমরা তা নিশ্চিত করতে চাই।’

প্রতি মাসে অন্তত একবার মাঠে নেমে এ ধরনের অভিযান চালাবেন বলেও জানান মেয়র।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এই শহর আমাদের নিজের। আমরা দায়িত্বশীল হলে কেউই শহরকে নোংরা রাখতে পারবে না। ব্যানার সরানোর পরই বোঝা যায়, শহর কতটা সুন্দর হতে পারে।’

চট্টগ্রামের প্রায় ৮০ শতাংশ কোচিং সেন্টার অনুমতি ছাড়াই পোস্টার-ব্যানার লাগায় জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘মাত্র ২০ শতাংশ নিয়ম মেনে চসিকের অনুমোদন নেয়। এতে সিটি করপোরেশন বিপুল রাজস্ব হারাচ্ছে। অথচ প্রতিটি ব্যানারের জন্য কর খুবই কম। সবাই কর দিলে এই রাজস্ব দিয়েই শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad