যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং লাইভে এসে আত্মহত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা আলাদা দুই মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।
রোববার দুপুরে ঢাকার আলাদা দুটি আদালত থেকে শুনানি শেষে এ জামিনের আদেশ দেওয়া হয়। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাঁধা নেই।
আইনজীবী সূত্রে জানা গেছে, মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অপর দিকে ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে ভাটারা থানায় দ্বিতীয় মামলাটি করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা।
পরে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান তাকে আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়।


