হবিগঞ্জে মাদক বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জে মাদক বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জে মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে সদর উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকালে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে তাদের মাদক বিক্রির অভিযোগে আটক করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। এ সময় তাদের মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও মারুফকে উদ্ধার করে।

ছবি: টাইমস

এ ঘটনার জের ধরে আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়াসহ (৩৫) ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর