বরগুনায় বাগান থেকে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন দবির হোসেন (২৭) নামে এক যুবক। তিনি এতটাই আহত হন যে উপায় না পেয়ে বাড়ির মালিককে ডেকে ঘুম থেকে তুলে হাসপাতালে পাঠানোর অনুরোধ করেন।
পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
শনিবার সকালে বরগুনা সদরের খারাখান্দা এলাকায় বেলাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।
আহত দবির হোসেনকে উদ্ধার করা এস আই শামীম জানায়, শুক্রবার গভীর রাতে খারাকান্দা এলাকার বাসিন্দা বেলাল হোসেনের বাগানে ডাব চুরির জন্য গাছে ওঠেন দবির। এসময় করাত দিয়ে কিছু ডাব কেটে নিচে ফেলেন তিনি। ডাব পাড়ার সময় হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগলে শত শত ভিমরুল আক্রমণ করে চোর দবিরকে। এ সময় তিনি গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পেয়ে গাছের নিচে পড়ে থাকে।
আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি পালানোর মতো অবস্থায় ছিলেন না। এরপর সকাল হতেই দবির নিজেকে বাঁচানোর জন্য বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করলে বাড়ির মালিক বেলাল হোসেন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাড়ির মালিক বেলাল হোসেন বলেন, ‘চোরের ডাক চিৎকার শুনে গিয়ে দেখি তিনি উঠে দাঁড়ানো তো দূরের কথা এপাশ ওপাশ করতেও পারছেন না। আমি ভয় পেয়ে পুলিশকে খবর দেই। কিন্তু আমি তার নামে কোনো অভিযোগ করতে চাই না।’
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।


