সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার জেরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন ১৩ হাজারের বেশি যাত্রী। বুধবার বিকাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় সকাল পর্যন্ত সরাসরি ৩৯টি ফ্লাইট, ৫০টি (ট্রান্সজিট) ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের। তাদের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইন্ডিগো এয়ারলাইন্সের সবগুলোই ট্রানজিট ফ্লাইট।
এ ছাড়াও সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সালাম এয়ারের চারটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি ও ফ্লাইট দুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাদশা খলিল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে এসব বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে।


