দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গত সাত দিনে (১৬-২২ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৭৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২২টি অস্ত্রসহ গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে। এ সব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২৭৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, সাতটি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
আইএসপিআর জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।
যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে পাশের সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।


