শিল্প-সংস্কৃতির স্থবিরতা: ২০২৬ এ কাটবে কি?

শিল্প-সংস্কৃতির স্থবিরতা: ২০২৬ এ কাটবে কি?
Advertisement
Advertisement

ঢালিউড, টেলিভিশন, মঞ্চ কিংবা ওটিটি— শিল্প-সংস্কৃতি প্রতি অঙ্গন একধরনের ক্রান্তিকাল পার করছে। এ সন্ধিক্ষণে যেমন রয়েছে আশার গল্প, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ।

দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ২০২৫ সাল একদমই ভালো যায়নি। দুই ঈদে হাতেগোনা কয়েকটি ছবি ব্যতীত পুরো বছর প্রেক্ষাগৃহ একপ্রকার দর্শক ও ছবিবিহীন ছিল। তবে নতুন বছরে দর্শকদের জন্য প্রস্তুত করা হচ্ছে বেশ কিছু সিনেমার। যেগুলো ঠিকঠাক নির্মাণ ও প্রচারণা করলে দেশের সিনে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।

এর মধ্যে রয়েছে ‘সোলজার’, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘আন্ধার’, ‘মালিক’, ‘দম’, ‘রইদ’, ‘রঙবাজার’, ‘ডেডোর গল্প’, ‘পিনিক’, ‘ট্রাইবুন্যাল’, ‘ঢাকাইয়া দেবদাস’, ‘সিক্রেট’ ইত্যাদি। যদিও অধিকাংশ ছবি বলা হচ্ছে ঈদুল ফিতরের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এর মধ্যে বেশ কিছু ছবি ঈদের বাইরে মুক্তি পাবে।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘নতুন বছরে আমরা চাই সবার সিনেমা ভালো করে চলুক। দর্শকের ঢল নামুক। সবচেয়ে পজেটিভ দিক হচ্ছে এ বছর শাকিব খান ছাড়া অন্য নায়কদেরও ভালো ছবি আসছে। এ ছবিগুলো নিয়েও আমাদের প্রত্যাশা রয়েছে। এক শাকিবের বাইরে অন্য নায়ক নায়িকাদের ছবিও ব্যবসাসফল হলে তা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে।’

তবে গেল কয়েক বছর দেশে আশঙ্কাজনক হারে সিনেমা হল কমে গিয়েছে। মাঝে মাল্টিপ্লেক্স নির্মাণের হিড়িক পড়লেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেক বিনিয়োগকারী তা স্থগিত রেখেছেন। হল মালিক সমিতির নেতারা বলছেন, ‘দেশে ভালো ও বাণিজ্যিক সফলতা পাবে এমন সিনেমা বেশি বেশি নির্মিত হলে সিনেমা হলের সংখ্যা এমনিতেই বাড়বে। আমাদের জানামতে চলতি বছরে ১০টির অধিক সিনেপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যেগুলোর অধিকাংশের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।’

আরও পড়ুন

হাজার কোটি টাকার বিনোদন ইন্ডাস্ট্রি টেলিভিশন। সেখানে গেল বছর বড় বাজেটের নাটক নির্মিত হলেও সেগুলোর বিনিয়োগ তুলতে বেশ কষ্ট হয়েছে। এর পিছনে রাজনৈতিক পরিস্থিতির কারণে স্পন্সর ও নতুন বিনিয়োগকারীদের অর্থ খরচে অনীহাকে দায়ী করেছেন টেলিভিশনের কর্তাব্যক্তিরা।

এ নিয়ে টেলিভিশনের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘বর্তমানে একটা স্থবির অবস্থা পার করছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে এ অচল অবস্থা কেটে যাবে। আবার প্রাণ ফিরে পাবে আমাদের ইন্ডাস্ট্রি।’

গানের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ভালো ও শ্রোতাপ্রিয় গান এসেছে ২০২৫ এ। তবে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর হামলা, কনসার্ট বন্ধ-স্থগিতের মত ঘটনা ঘটেছে। এ জায়গা থেকে উত্তরণ চান শিল্পীরা।

গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান বলেন, ‘একটু খারাপই গেছে গেল বছর। তবে আমার বিশ্বাস এ বছরটা ভালো যাবে। অনেক শিল্পীরই ভালো গানের প্রস্তুতি আছে বলে জানি। সে গানগুলো দর্শক-শ্রোতারা পছন্দ করবেন বলে বিশ্বাস।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
আহমেদ জামান শিমুল
আহমেদ জামান শিমুল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর