বর্ষার শেষ ভাগে এসে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, যার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় আগামী তিন থেকে চার দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকে ঢাকার আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আগের রাতের ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আবহাওয়ার পরিভাষায় ‘ভারি বৃষ্টি’ হিসেবে বিবেচিত।
তিনি বলেন, ‘এই প্রবণতা সারা দেশেই দেখা যাবে। আগামী তিন-চার দিন প্রতিদিনই একবার বা দুইবার বৃষ্টি হতে পারে। যদিও সব জায়গায় ভারি বৃষ্টি নাও হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ‘ভারি বৃষ্টিপাত’, আর ৮৮ মিলিমিটারের বেশি হলে সেটি ‘অতি ভারি বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়।
সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বাড়তে পারে এবং নিচু এলাকায় সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা। সম্ভাব্য দুর্ভোগ এড়াতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় নৌযান চলাচলে জারি করা হয়েছে সতর্কতা।


