মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার নাজিবুর রহমানসহ বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর ১১ এমপি এ রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একইরকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তৎকালীন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে।
রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি।
এর আগে, দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৬৪ জেলার জন্য এ দায়িত্ব বণ্টন করে ২৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


