প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয়দানকারী এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. সাইফ ইমরান।
পুলিশ জানায় শনিবার দুপুরে আটককৃত সাইফ ইমরান গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্ক করেন। ওই যায়গায় পার্ক করতে নিষেধ করা হলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআই-এর সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন ডিজিএফআই-এর গাড়িগুলো সেখানেই পার্কিং করা থাকে।
পরবর্তীতে একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি পুনরায় একই স্থানে মোটরসাইকেল পার্ক করলে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এ সময় তার পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি ডিজিএফআই এর কোনো কর্মকর্তা বা সদস্য নন। ভুয়া পরিচয় দিয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


