ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেওয়ার হুঁশিয়ারি, হাসনাতের দুঃখ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেওয়ার হুঁশিয়ারি, হাসনাতের দুঃখ প্রকাশ
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ | ফাইল ছবি
Advertisement
Advertisement

জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন, তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

তা না হলে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার হাসনাত আব্দুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার বিষয়ে সমালোচনা করেন। তারপরই এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ায়।

পরে এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেন হাসনাত। পোস্টে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংস‌দে যে বক্তব্য দিয়েছিলাম, তা‌তে ব্রাহ্মণবা‌ড়িয়ার মানু‌ষের স‌ঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি সৃ‌ষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ কর‌ছি।’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, সিনেমা অনেকটা নিষিদ্ধের মতোই। এই বক্তব্যের মাধ‌্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের উপর চা‌পিয়ে দিয়েছেন। সেখানকার আলেমওলাদের ওপর দিয়েছেন। তাদের ভাবমূ‌র্তি বিশ্বের সামনে ক্ষুন্ন করেছেন।’

ব্রাহ্মণবা‌ড়িয়ায় পু‌লি‌শের কনসার্ট বন্ধ হওয়ার খবর মিডিয়ায় যেভাবে এসে‌ছিল, বাস্তব চিত্র তা থেকে আলাদা ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘গভীর রাতে উচ্চ শব্দের কারণে মাদ্রাসার পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘ‌টে। তাই শিক্ষার্থীরা সাউন্ড কমাতে বলে। এ নিয়ে পু‌লিশ ও শিক্ষার্থীদের কথা কাটাকা‌টি থেকে পরবর্তী ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হন পুলিশের লাঠিপেটায়।’

‘মি‌ডিয়া ভিন্নভাবে উপস্থাপন কর‌লেও, ঘটনাপ্রবাহ থে‌কে এটা স্পষ্ট মাদ্রাসা শিক্ষার্থীরা কনসা‌র্ট বন্ধ করে দেয়‌নি। তারা শুধু শব্দ কমাতে বলেছিলেন। এর মানে ব্রাহ্মণবা‌ড়িয়ায় সাংস্কৃ‌তিক কার্যক্রম নি‌ষিদ্ধ নয়, যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। যার মাধ‌্যমে তি‌নি ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষ সম্পর্কে ভুল বার্তা দিয়েছিলেন, তাদেরকে ছোট করেছিলেন। অন্যদিকে নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। সিলেটের জায়গায় ব্রাহ্মণবা‌ড়িয়া বলে ফে‌লি। এ ত্রুটিতে যে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তাতে আমি বিব্রত। অনাক‌ঙ্খিত প‌রি‌স্থি‌তির জন‌্য দুঃখ প্রকাশ কর‌ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর