মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, টহল কার্যক্রম পরিচালনার সময় বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পান। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে একজন চোরাকারবারি আহত হন। তবে অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে দ্রুত ভারতে পালিয়ে যায়।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


