বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে।’
টিসিবির মাধ্যমে চিনি বিক্রি এরইমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হলে শুধু ভর্তুকি বা সহায়তা নয়, নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার। এ বিনিয়োগ স্থানীয় পর্যায় বা বিদেশ কিংবা দুইভাবেই আসতে পারে।’
শনিবার সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আদিলুর রহমান খান।
তিনি বলেন, ‘চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। বিট্রিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।’
ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


