তিন আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

তিন আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ
Advertisement
Advertisement

‘অকার্যকর’ ঘোষণা করা চার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) মধ্যে তিনটির পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকরা পালন করবেন।

পর্ষদ বাতিল হওয়া তিন প্রতিষ্ঠান হলো আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

চতুর্থ প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও জহিরুল ইসলাম ভূঁঞা। তারা ইতোমধ্যে দায়িত্ব নিয়েছেন।

এফএএস ফাইন্যান্সে প্রশাসক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু শামা মো. আতাউর রহমান। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদীন বশির ও রোখসানা আক্তার।

আরও পড়ুন

আভিভা ফাইন্যান্সে প্রশাসক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আলাউদ্দিন হোসেন। সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক এ কে এম গোলাম বহলুল ও মাহবুবুর রহমান।

চার প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি তিনটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক চার প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে। পরদিন দুই স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

ইন্টারন্যাশনাল লিজিং মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠির বরাত দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, আর্থিক খাতের স্থিতিশীলতা ও সক্ষমতা বজায় রাখা, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ফাইন্যান্স কোম্পানি ঘোষণা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, রেজল্যুশন কার্যক্রমের অংশ হিসেবে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ৯ আগস্ট আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ঘোষণা করে রেজল্যুশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর