দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় রোগে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৭ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯১ জন, যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন।
অন্যদিকে, ঢাকার বাইরে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ২৫৮ জন এবং খুলনা বিভাগে ২৪৩ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১২৩, চট্টগ্রাম বিভাগে ১১৬, ময়মনসিংহ বিভাগে ৮১, রাজশাহী বিভাগে ৭৬, রংপুর বিভাগে ৬ এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে, যার মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
একই সময়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৯২ জনের। চলতি বছরে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে আগস্ট মাসে, যেখানে মোট ১৯ হাজার ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বড় অংশই ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী।
বর্তমানে সারা দেশে মোট ২ হাজার ৪০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৫ জন এবং ঢাকার বাইরের বিভাগগুলোতে ১ হাজার ৯৭৭ জন চিকিৎসাধীন আছেন।
এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৯ জন রোগী।


