ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইনে ‘মন্থরগতির’ কারণে ‘দুর্ভোগের’ অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। ভোটের কার্যক্রমে সংযুক্তদের যথাযথ প্রশিক্ষণের অভাবে এমনটা ঘটছে বলে জানান শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কেন্দ্রের শিক্ষার্থীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বাইরে ভোট প্রদানের পর ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাসনুবা কবির দ্য টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আন্তরিকতা থাকলেও কেন্দ্রে নিয়োজিতদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যথাযথ প্রশিক্ষণের অভাব আছে বলে মনে হয়েছে।’
‘ভোটার নম্বর বলার পরেও আমাকে প্রথমে বলা হয় আমার কেন্দ্র এটা না। এরপর আইডি কার্ড দেখানোর পরও তিনি আমার নম্বর খুঁজে পাচ্ছিলেন না লিস্টে। পরে আমি নিজেই লিস্ট দেখে খুঁজে বের করি ভোট দিই। এতে করে সময় বেশি লাগছে,’ বলেন তিনি।
২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাবরিন জাওয়াদ টিএসসির ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসে বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরে যারা অবস্থান করছেন এবং বাইরে যারা করছেন তারা যথেষ্ট আন্তরিক। তবে তাদের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা আছে।’

তার আরো অভিযোগ, ‘যথোপযুক্ত প্রশিক্ষণ থাকলে এটি হতো না। এই সমন্বয়হীনতার কারণে ভোটদানের গতি মন্থর। আশা করছি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
জানতে চাইলে টিএসসি ভোটকেন্দ্রের রিটার্নিং অফিসার বলেন ‘কোনো দুর্ভোগ (হ্যাসেল) হচ্ছে না।’
‘একেকজন প্রার্থীর মোট ৪১টি ভোট দিতে দেরী হয়। এজন্যেই সময় লাগছে’, বলেন তিনি।
ঢাবির ভোট ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছেন। শুধুমাত্র আইডি কার্ডধারী শিক্ষার্থী এবং অনুমোদিত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি রয়েছে।
ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। যাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
ভোটাররা ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস, পানির বোতল বা তরল কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।


