ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে ও সিএনজির চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে ও যাত্রী আব্দুল আলীম (৬০)।
পুলিশ জানায়, রোববার রাতে ঢাকাগামী সার্ভিস লেনে একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। এ সময় গুরুতর আহত চালক সাহেব আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


