জীবনে কোনো কিছুতেই আর অবাক হন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ নেতৃত্বে রদবদল নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন তিনি।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ফিল সিমন্স। এসময় বিসিবি’তে বারবার রদবদল, বিশেষ করে তিনজন বোর্ড সভাপতির অধীনে কাজ নিয়ে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চান।
জবাবে ফিল সিমন্স বলেন, জীবনের কোনো ঘটনাতেই তিনি আর অবাক হন না। তার মতে, এটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয় বরং তার সামগ্রিক জীবনবোধ থেকেই তিনি এমনটা অনুভব করেন। তিনি প্রতিদিনের নানা পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে গেছেন।
বিসিবির প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের ফলে দলের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও জানান সিমন্স। তিনি জানান, তাদের প্রশিক্ষণ বা ক্যাম্পের পরিকল্পনা আগের মতোই সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনিক রদবদল মাঠের কাজে কোনো প্রভাব ফেলেনি।
বোর্ডের রদবদল ক্রিকেটারদের ওপর কোনো মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নের জবাবে সিমন্স জানান, খেলোয়াড়দের মাঝে তিনি কোনো নেতিবাচক প্রভাব দেখেননি। দলের সবাই অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং সিরিজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছেন। এমনকি কিছু খেলোয়াড় স্বাভাবিকের চেয়েও বেশি পরিশ্রম করছেন।
অবশ্য সিমন্স বলেন, খেলোয়াড়দের মনের অবস্থা জানতে হলে তাদেরকেই প্রশ্ন করা উচিত।
বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবালও জাতীয় দলের সাথে যোগাযোগ রাখছেন। সিমন্স এই যোগাযোগকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, তামিমের সাথে কোচিং স্টাফদের নিয়মিত কথা হয়েছে। এছাড়া কয়েক দিন আগে খেলা চলাকালীন তামিম ড্রেসিংরুমে এসে সবার সাথে সময় কাটিয়েছেন এবং আলাপ-আলোচনা করেছেন।
সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ পরিবেশ ও মাঠের প্রস্তুতি স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেন ফিল সিমন্স।


