জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।
সোমবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামি হলেন ইদ্রিস আলী। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মামলার বাদী ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে ওই গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে আসামিরা ইজিবাইক থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয়। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে আসামিরা পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন।


