পুলিশের সাফল্যের মূল চাবিকাঠি জনসম্পৃক্ততা বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের সফলতা ও ব্যর্থতা তুলে ধরে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকালে জিএমপি হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন।
গত ছয় মাসে অপরাধ নিয়ন্ত্রণে বড় সাফল্য দেখিয়েছে জিএমপি। বিশেষ অভিযানে ৩ হাজার ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মহানগরের ৮টি থানায় ১ হাজার ৪৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ২০টি হত্যা, ৭টি ডাকাতি ও ২৮টি ছিনতাই মামলা রয়েছে। নারী ও শিশু সুরক্ষায় হয়েছে ১৭৬টি মামলা।
গ্রেপ্তারদের মধ্যে ৪৬ জন ছিনতাইকারী ও ২৩ জন ডাকাত রয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে ৩৫৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ৯৮৮ জন মাদক ব্যবসায়ী ও ৯০১ জন মাদক সেবনকারীকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযানে ৫১ হাজার ৫৬০ পিস ইয়াবা, ৩৫৭ কেজি গাঁজা, ১ কেজি ৯৬৫ গ্রাম হেরোইন ও দেশীয় মদসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। মাদক সংক্রান্ত ৮১২টি ও অস্ত্রসংক্রান্ত ৬০টি মামলা হয়েছে। উদ্ধার হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত ২১ জুন ও ৩ জুলাইয়ের নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ৭টি মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শতাধিক নাশকতাকারীকে শনাক্তের প্রক্রিয়া চলছে। এছাড়া টঙ্গী পূর্ব থানা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিএমপি কমিশনার জানান, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় দেওয়া হবে না। টঙ্গীর মাজার বস্তি, কেরানীর টেক ও এরশাদনগরে নিয়মিত চিরুনি অভিযান চলছে। শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সঙ্গে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও শুরু হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের হালনাগাদ তালিকা তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারে অপহরণ ও ‘হানি ট্র্যাপ’ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিগত ৬ মাসে উদ্ধার হওয়া ২০টি লাশের মধ্যে ১৯টিরই পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেররুল হক চৌহান, মো. বেলায়েত হোসেন ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। এ সময় কমিশনার মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


