রাজধানীর কদমতলী থানাধীন নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী খুন হয়েছে। শনিবার ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জনি। তার বাবার নাম তোতা মিস্ত্রি। জনি শ্যামপুর ব্রিজ নবারুন গলিতে থাকতেন। হাসপাতালের মর্গে নিহতের স্ত্রী স্বপ্না বেগম তার পরিচয় নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, ভোর সাড়ে পাঁচটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী একজনকে জাপটে ধরলে, তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। এ সময় ওই পথচারী চিৎকার করায় ছিনতাইকারীদের একজন তাকে ছুরি মারতে যান। এ সময় তাকে পেছন থেকে ধরে থাকা আরেক ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এরপর দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকেন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


