চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ ৫ রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ ৫ রুটে বাস চলাচল বন্ধ
Advertisement
Advertisement

বাস শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের মারধরের জেরে চুয়াডাঙ্গা থেকে অভ্যন্তরীণ ৫টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার রাতে এ ধর্মঘটের ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে, আগের মতোই নিয়মিত চলাচল করছে দূরপাল্লার সব বাস।

শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, জীবননগর ও হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনে গুণতে হচ্ছে কয়েক গুণ টাকা।

বাস শ্রমিকের অভিযোগ, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়ম বহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়।

আরও পড়ুন

এরই জেরে ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায় এবং তাদের জিম্মি করে রাখে।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জিম্মি থাকা বাস চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়ক আড়াআড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে প্রশাসনের ন্যায্য বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। নিরাপত্তা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতে জেলার ৫টি অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার ও সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর