খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে দেশে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। সেখানে তার রেকর্ড করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়।
খালেদা জিয়া বলেন, ‘যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে ফেলেছিলেন। সেই চট্টগ্রামেই একজন সফল, সাহসী, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।’
খুব শিগগির বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য তিনি বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘প্রতি বছর এ দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনার স্মৃতি নিয়ে। এই দিনটি শুধু আমাদের পরিবারের নয়, বরং সমগ্র দেশেই ছড়িয়ে পড়ে এক বেদনার ছায়া ও অভিভাবকহীনতার অনুভূতি। মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে অংশ নেন। এছাড়াও সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


