বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার তার নামাজে জানাজার দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তি। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান সবার মনে থাকবে।’
তবে শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা চালাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। শোক পালনের সময়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


