ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
রোববার বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার আটগ্রাম রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের বাসটি আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে একটি ফিডার সড়ক থেকে মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠে আসে। এ সময় বাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
বাসযাত্রী জেবা আক্তার বলেন, হঠাৎ একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে এসে বাসটির সঙ্গে সংঘর্ষ করে। এতে তার কপাল কেটে যায়।
আরেক যাত্রী আবদুর রশীদ জানান, তিনি ফেনী থেকে বাসে উঠেছিলেন। আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে বিকট শব্দ শুনতে পান। পরে দেখেন তার পা সিটের সঙ্গে আটকে গেছে। অন্য যাত্রীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।
সংঘর্ষে বাসচালকের দুই পা ভেঙে যায় এবং মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ ও ড্রাম ট্রাকটির বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


