কতিপয় সংবাদমাধ্যমের চরম অপেশাদারত্ব ও সংঘবদ্ধ প্রোপাগাণ্ডার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অধীন দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজ জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে নানাবিধ প্রচারণায় লিপ্ত হয়ে গণবিরোধী অবস্থান নিচ্ছে। এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করা হচ্ছে। তিনি জাতীয় সংসদে এসব মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী কর্তৃক অর্থ পাচারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এই প্রোপাগাণ্ডা মেশিন আরও সক্রিয় হয়ে উঠেছে।
অনুসন্ধানী সংবাদ প্ল্যাটফর্ম ‘দ্য ডিসেন্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহর সংসদে কথা বলার পর গত ২৮ জুন সকাল ৭টা থেকে ১ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মোট ৪ দিনে (৮০ ঘণ্টায়) বসুন্ধরা গ্রুপের সংবাদমাধ্যমগুলোতে তার বিরুদ্ধে সর্বমোট ৯৯টি নেতিবাচক কনটেন্ট প্রচার করা হয়। অনেক ক্ষেত্রে হুবহু একই প্রতিবেদন অল্প সময়ের ব্যবধানে প্রকাশ করা হয়েছে।
এনসিপি মনে করে, শেখ হাসিনার পলায়নের পর সংবাদমাধ্যমগুলো নিজেদের সংস্কারের যথেষ্ট সময় পেলেও তেমন কোনো প্রচেষ্টা লক্ষ করা যায়নি। গণঅভ্যুত্থানকালে হাসিনার পক্ষে অবস্থান নেওয়া সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট সাংবাদিকেরা এখনো ভুল স্বীকার করেননি, বরং অনুশোচনার বদলে ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করছেন।
এই পরিস্থিতিতে পাঠক-দর্শকের আস্থা ধরে রাখতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া ব্যক্তিদের টকশোতে আমন্ত্রণ না জানানোর অনুরোধ এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।


