সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. হাবিবুল গনি। রোববার প্রধান বিচারপতি তাকে শপথ পড়ান। এই নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচারপতি হাবিবুল গনি দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব শুরু করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় গত ২৭ আগস্ট। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথ নেওয়ার তারিখ থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিচারপতি হাবিবুল গনির বিচারিক জীবনের শুরু হয় হাইকোর্ট বিভাগে। তিনি ২০১০ সালের ১৮ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ওই বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।


