গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেছেন, অনেক সংবাদপত্র যেসব তথ্য বা সংবাদ প্রকাশে সাহস দেখাতে পারে না, সময়ের দাবি পূরণে সেসব বিষয় সাহসের সঙ্গে তুলে ধরছে টাইমস অব বাংলাদেশ।
সোমবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।
টাইমসের পথচলার প্রশংসা করে শফিকুর রহমান বলেন, শৈশবের গণ্ডি পেরিয়ে টাইমস এখন যৌবনে উপনীত হয়েছে। অনেক সংবাদপত্র যেখানে বিভিন্ন তথ্য বা সংবাদ প্রকাশে সাহসিকতা দেখাতে পারে না, সেখানে সময়ের দাবি পূরণে টাইমস তা তুলে ধরছে।
তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সাংবাদিক সমাজ এবং পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তার মতে, কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতিস্বীকার না করে সততা ও সাহসের সঙ্গে সত্য প্রকাশ করাই সংবাদপত্রের মূল দায়িত্ব।
শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক বা কায়েমি স্বার্থের চাপে পড়ে সংবাদপত্রের কলম যেন ডানে বা বামে না হেলে। কলমকে সবসময় সোজা পথে চলতে হবে। কোনো প্রতিবেদন কারও বিপক্ষে গেলেও সেটি যদি জনগণের পক্ষে হয়, তাহলে সংবাদপত্রকে সেই সত্যই তুলে ধরতে হবে।
তিনি সাদা-কালোকে কোনো রূপক ছাড়াই সরাসরি সত্য হিসেবে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। গণমাধ্যমকে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।


