ন্যায্য পাওনা দাবি আদায়ের সময় শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
রোববার সকাল থেকে রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কিশোরীগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমার রুটে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী এবং অন্য জেলা সমিতির দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, শনিবার সন্ধ্যায় রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে চলা নীলফামারী জেলার সকল রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেন সভাপতি জাহাঙ্গীর আলম।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মীর বিরোধ হয়। এর জেরে সমিতির নেতাকর্মীরা সফিককে শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনাটির সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সকল বাস বন্ধের সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে চলাচল করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রীকে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে। তারা জানান, সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ থাকায় দিনাজপুর ও পঞ্চগড়ের বাসে করে রংপুর যেতে হচ্ছে।
সৈয়দপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারী দেন তারা।


