দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়।
এরপর চিকিৎসার জন্য দীর্ঘ সময় দূরে থাকতে হয়েছে তাকে। নয় মাস পর ইকসান রনির নাটক ‘অংশীদার’ দিয়ে পর্দায় ফিরছেন এই অভিনয়শিল্পী।
বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দুই বোনের লড়াই নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।
নাটকের গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে নানা কৌশল অবলম্বন করেন তাদের চাচা ও পরিবারের সদস্যরা। একপর্যায়ে দুই বোনের ওপর নেমে আসে নির্যাতন ও বাড়ি থেকে উচ্ছেদের হুমকি। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন।
পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা, পারিবারিক বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার বার্তা। বিশেষ করে বাবাহারা মেয়েদের পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার সামাজিক প্রবণতা ও এ ক্ষেত্রে বিদ্যমান আইনি বিষয়গুলোও গল্পের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নবাবগঞ্জের গালিবপুর গ্রামে নাটকটির চিত্রায়ণ করা হয়েছে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।
নির্মাতা ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের একটি পরিচিত বাস্তবতার গল্প। নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসকে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন, বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। ‘অংশীদার’ তেমনই একটি উদ্যোগ। নাটকটি দর্শকদের হৃদয় ছোঁয়ার পাশাপাশি নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী ও তাসমিয়াহ টিনাসহ আরও অনেকে।
ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।


