৪২ আবেদন ঝুলিয়ে রাখায় ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ

৪২ আবেদন ঝুলিয়ে রাখায় ভূমি অফিসের দুই কর্মকর্তাকে শোকজ
সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব আবেদন দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকার বিষয়টি দেখতে পান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন নিষ্পত্তি না করায় দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব আবেদন দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখার বিষয়টি দেখতে পান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।

পরিদর্শনকালে অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, ৩১টি নামজারি আবেদন ৩০ দিনের বেশি সময় ধরে পেন্ডিং রয়েছে। একই সঙ্গে ১১টি হোল্ডিং আবেদনও নিষ্পত্তি হয়নি। দীর্ঘদিন ধরে আবেদনগুলো ঝুলে থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে আবেদন নিষ্পত্তি না করায় জনসাধারণের ভোগান্তি হচ্ছে এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে না, সে বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা হবে না। জনগণকে হয়রানি না করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি ও হোল্ডিংসহ সব সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা কিংবা জনভোগান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর