ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তবে তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার। সেখানেই হাদি হত্যাকারী হিসেবে চিহ্নিত ফয়সালের ভিডিওবার্তার প্রসঙ্গ উঠে আসে।
অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’তুলে দেওয়া হয়।
ফয়সালের ভিডিওবার্তা প্রসঙ্গে নিজের ‘নো-কমেন্ট’ অবস্থান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।’
সাজ্জাত আলী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বশীল থাকতে আহ্বান জানান। সেই সঙ্গে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন পুলিশের সদস্যরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি মাথায় রাখতেও অনুরোধ জানান।
তিনি বলেন, ‘গত কয়েক বছর দেশ অত্যন্ত অস্থির সময় পার করেছে। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ঢাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।’
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘পুলিশের ভেতরে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে কর্মকর্তা এনে দায়িত্ব দেওয়া জটিল হলেও সীমাবদ্ধতার মধ্যেই পুলিশ কাজ করে যাচ্ছে।’
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, বিশেষ পুলিশ (এসবি) যাচাই শেষে তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।’
ডিএমপি কমিশনারের দাবি, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমেছে।
সামনেও এই পরিস্থিতি ধরে রাখতে সবার সহযোগিতা চান তিনি।


