হাঁটুর পুরনো চোটে ভুগছেন তাসকিন আহমেদ। রোববার সিলেট টাইটান্সের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের একাদসশেও রাখা হয়নি এই ডানহাতি পেসারকে। দলীয় সূত্রে জানা গেছে, রোববারই সিলেট ছেড়ে ঢাকা গিয়েছেন তিনি। চোটের ধরন ও মাত্রা জানতে হাঁটুতে স্ক্যান করাবেন তিনি।
তাসকিনের চোটের খবরটি নিশ্চিত করেন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শেষ ম্যাচে তাসকিনের না খেলা নিয়ে সংবাদ সম্মেলনে এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘এটা ফিজিওর সিদ্ধান্ত। তাসকিন এখন খেলার অবস্থায় নেই। তার বিশ্রাম প্রয়োজন এবং স্ক্যান করানোর জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
চোট কাটিয়ে ঢাকা পর্বে তাসকিনের মাঠে ফেরার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মিঠুন। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবেন জাতীয় দলের ফিজিও। মিঠুন বলেন, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, ‘অত গুরুতর কিছু নয়। বড় কোনো সমস্যা নেই। আগেও ওর হাঁটুর বিষয়টি নিয়ে কাজ করা হয়েছে। রুটিন চেকআপের জন্যই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’


